spot_img
spot_imgspot_img

লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বিরোধী দল: রিজভী

সংসদকে পাশ কাটিয়ে সরকারের মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’ কর্মসূচির নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লংমার্চের কর্মসূচি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করছে এবং দলটিকে এসব কর্মকাণ্ডের আশ্রয়-প্রশ্রয় দিতে দেখা যাচ্ছে। এটি স্পষ্টত অপরাধমূলক কর্মকাণ্ড। জনগণের সামনে যেসব শব্দ উচ্চারণ করা যায় না, সেসব শব্দও প্রকাশ্যে বলা হচ্ছে।

তিনি বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে তুলে ধরে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে।

জ্বালানি সংকট ও অর্থনৈতিক ইস্যুতে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী।

তিনি আরও বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দল শুধু সমালোচনা করে যাচ্ছে। অথচ সংকট নিরসনে তাদের কোনো গঠনমূলক প্রস্তাব নেই। তারা সংসদে এ বিষয়ে কোনো পরামর্শ না দিয়ে বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

দেশের রিজার্ভ বৃদ্ধির মতো ইতিবাচক অর্জনগুলোও বিরোধী দল জনগণের সামনে তুলে না ধরে আড়াল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভী আরও বলেন, সরকার ব্যর্থ হয়েছে দাবি করে বিরোধীরা রাজপথে আন্দোলন করে বেড়ালেও সাধারণ জনগণ তাদের এই ভূমিকা ভালোভাবে দেখছে না। দায়িত্বশীল বিরোধী দলের মতো সংসদে নিজেদের দাবি বা প্রস্তাব না তুলে তারা রাজপথ বেছে নিয়েছে। এর মাধ্যমে মূলত সরকারের সার্বিক উন্নয়ন ও অর্জনকে আড়াল করার অপচেষ্টা করা হচ্ছে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবিরসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ