প্রতি বছরের ন্যায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার রেকর্ড পরিমাণ অর্থ পাওয়া গেছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে মসজিদের ৮টি দান সিন্দুক খোলা হয়। দান সিন্দুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় ভরা হয়। এবার বড় বস্তায় ১২ বস্তা টাকা হয়েছে।
সাড়ে ৯ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টায় সিন্দুকে জমা হওয়া টাকার গণনা শেষ হয়। গণনা শেষে দান সিন্দুকগুলোতে মোট তিন কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া যায়।
দান সিন্দুক থেকে পাওয়া দানের হিসাবে এটি এ যাবৎকালের সর্বোচ্চ দান। এর আগে পাওয়া সর্বোচ্চ দান ছিল দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা। চলতি বছরের ২৩ জানুয়ারি দান সিন্দুক খোলার পর ওই টাকা পাওয়া গিয়েছিল।











