spot_img

ইউপি ভোটে হতাহতের ঘটনায় কমিশনের ব্যর্থতা নেই: দাবি ইসির

সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রাণহানির ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) ব্যর্থতা নেই বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ দাবি করেন এই অতিরিক্ত সচিব।

ইউপির সাত দফা ভোটে নির্বাচনী সহিংসতায় কতজন মারা গেছেন, জানতে চাইলে ‘সেই তথ্য এই মুহূর্তে নেই’ বলে জানান অশোক কুমার দেবনাথ।

ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘আজকের শেষ ধাপের ভোটে নির্বাচনী সহিংসতায় দুজন মারা গেছেন। স্থানীয়ভাবে ভোটকেন্দ্রে গোলমালের জন্য ভোটকেন্দ্রের বাইরেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শুনেছি। পুরো প্রতিবেদনটি এখনো আমরা পাইনি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

অশোক কুমার দেবনাথ বলেন, ‘কমিশনের ব্যর্থতা নাই এখানে। প্রাণহানিগুলোর দায়দায়িত্ব কমিশনের ওপর সরাসরি পড়ে না। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। তারা এই বিষয় দেখবে। তারপরও যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তার জন্য আমরা দুঃখিত।’

অতিরিক্ত সচিব জানান, সপ্তম ধাপে আজ ১৩৬ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে সাতটি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট হয়েছে। সহিংসতার কারণে ছয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তখন পর্যন্ত ইভিএমে ভোট পড়েছে ৬১ দশমিক ৫৩ শতাংশ এবং ব্যালটে পড়েছে ৬৫ শতাংশের বেশি।

তিনি আরও বলেন, ‘ওভারঅল ভালো নির্বাচন হয়েছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ