মায়ানমারের কয়েকজন পুলিশ কর্মকর্তা পরিবারকে নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছেন। দেশটির সামরিক শাসকের আদেশ মানতে অস্বীকার করেছেন তারা। ভারতে তারা আশ্রয়প্রার্থী হয়েছেন। বলেছেন, মিয়ানমারের সামরিক শাসক তাঁদের এমন সব নির্দেশ দিচ্ছেন, যা মানা তাদের পক্ষে সম্ভব নয়। সেই কারণে তারা ভারতে চলে এসেছেন। কিন্তু প্রতিবেশী দেশ ভারতের কাছে নিজেদের পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়েছে মিয়ানমার।
এ ব্যাপারে ভারতের মিজোরামের এক ডেপুটি কমিশনার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তারা মিয়ানমারের ফালাম জেলা থেকে একটি চিঠি পেয়েছেন। সেখানে বলা হয়, আটজন পুলিশ কর্মকর্তার সীমান্ত অতিক্রমের খবর রয়েছে তাদের কাছে। প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তাদের যেন মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।










