রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। এরমধ্যে ৭০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটিতে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। এছাড়া আহতদের মেডিক্যালে নেয়ার জন্য পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে।











