ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে। ৭ মার্চের ভাষণের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ৭ মার্চের ভাষণের তাৎপর্য আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে। এই ভাষণের গুরুত্ব সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে।
মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগরভবনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রকৃত ইতিহাস ভুলে গেলে চলবে না। প্রকৃত ইতিহাস বিকৃত করা যাবে না। ৭ মার্চের ভাষণ কোন সহজ বিষয় ছিল না। একমাত্র বঙ্গবন্ধুর সাহসী ও দূরদর্শী নেতৃত্বের ফলেই এই ভাষণ সম্ভব হয়েছিল। এই ঐতিহাসিক ভাষণ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না। সত্যিই বাঙালি জাতিকে দাবায়ে রাখা যায়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আর আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ জুড়ে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। উন্নয়নের এই অগ্রযাত্রাকে দাবায়ে রাখা যাবে না।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ডিএনসিসি মেয়র বলেন, আমাদের সকলের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আমরা মেয়র হতে পেরেছি, কাউন্সিলর হতে পেরেছি, সরকারি কর্মকর্তা-কর্মচারী হতে পেরেছি। আজ ৭ মার্চে সবাই নিজেদের দায়িত্ব পালন করার অঙ্গীকার করতে হবে তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।










