spot_img

২৪ ঘণ্টায় আরও একটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিল তালেবান

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখলের ২৪ ঘণ্টার মাথায় দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

শনিবার (৭ আগস্ট) উত্তরাঞ্চলীয় জাওযজান প্রদেশের রাজধানী শেবেরগান নিয়ন্ত্রণে নেয় তালেবান। প্রদেশের ডেপুটি গভর্নর কাদির মালিয়া বার্তা সংস্থা এএফপির কাছে সাক্ষাতকারে এই তথ্য জানান।

কাদির মালিয়া বলেন, সরকারি বাহিনী ও কর্মকর্তারা বিমান বন্দরের দিকে পিছিয়ে এসেছে।

আফগানিস্তানের তালেবানবিরোধী যুদ্ধবাজ নেতা আবদুর রশিদ দোস্তাম এই শহরের বাসিন্দা। তুরস্কে দীর্ঘদিন চিকিৎসার পর সম্প্রতি তিনি আফগানিস্তানে ফিরে এসেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ ও দখল নিতে শুরু করে তালেবান। এরমধ্যে প্রতিবেশী দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত সংযোগসহ গ্রাম ও পার্বত্য অঞ্চলের বেশিরভাগই তালেবান নিয়ন্ত্রণ নিয়েছে।

গ্রাম ও পার্বত্য অঞ্চলের পর প্রাদেশিক রাজধানীসহ বিভিন্ন শহর নিয়ন্ত্রণে হামলা হামলা অব্যহত রেখেছে তালেবান।

শুক্রবার (৬ আগস্ট) যারানজ শহর দখলের মাধ্যমে প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল করে তালেবান।

সূত্র: ফ্রান্স টুয়েন্টি ফোর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ