spot_img
spot_imgspot_img

তুরস্ক, পাকিস্তান ও সৌদির ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছে। শুক্রবার স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে তিন দেশের মধ্যে একটি সম্মিলিত প্রতিরক্ষা কাঠামো গড়ে উঠেছে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

শুক্রবার ৭ আগস্ট মক্কার আল-সাফা প্রাসাদে অনুষ্ঠিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা সম্মেলনে’ চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাহবাজ শরিফ।

দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে সৌদি আরব সফরে যান এরদোগান ও শাহবাজ শরিফ। মক্কার রয়্যাল কোর্টে তাদের স্বাগত জানান ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান।

সম্মেলনে তিন নেতা সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক পর্যালোচনা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

সম্মেলনের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, তিন দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, ইসলামী সংহতি, অভিন্ন কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তির ওপর এই চুক্তি গড়ে উঠেছে।

চুক্তির লক্ষ্য যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে তিন দেশের যৌথ প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করা। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

একই সঙ্গে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব ক্ষেত্র আরও উন্নত ও সম্প্রসারণের লক্ষ্যও রয়েছে এই চুক্তিতে।

তিন দেশ জানিয়েছে, এই চুক্তি তাদের অভিন্ন নিরাপত্তা শক্তিশালী করার অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি অঞ্চল ও বিশ্বে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখা এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে তাদের যৌথ প্রচেষ্টারও প্রতিফলন এই চুক্তি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ