আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকে অনেকদিন ধরে রাজনীতি করেন, তাদের অনেকে এমপিও হতে পারেননি। আমি সেদিক থেকে ভাগ্যবান। একজন রাজনীতিকের ১৬ বছর মন্ত্রী থাকা ভাগ্যের ব্যাপার।
বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছি। সরকারের কাজও চ্যালেঞ্জিং, আওয়ামী লীগের দায়িত্ব পালনও চ্যালেঞ্জিং। তারপরও সৌভাগ্যক্রমে সরকারি দায়িত্ব পালনে কতোগুলো মেগা প্রজেক্ট থাকে, সেগুলো দেখাশোনার দায়িত্ব আমার।
তিনি বলেন, অক্টোবরে কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীমন্ত্রী বলেন, এরই মধ্যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্পের কাজ শেষ হয়েছে, উদ্বোধনও হয়েছে। এটা খুব চ্যালেঞ্জিং ছিল। অনেক বাধা, অনেক সমস্যা ছিল। নির্মাণ সংশ্লিষ্টদের অনেকে হাল ছেড়ে দিয়েছিল। কারণ পদ্মার স্রোতের তীব্রতা অনেক বেশি। ঈদের রাতেও পদ্মা সেতুর নির্মাণকাজে উপস্থিত ছিলাম। সেখানে বারবার বৈঠক করতে হয়েছে। পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। তবে খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইল থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা এখনো পদ্মা সেতুর সুবিধা থেকে বঞ্চিত।











