আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
তিনি বলেন, সীমান্ত আইন লঙ্ঘন নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। ইতোমধ্যে মিয়ানমারের উত্তপ্ত পরিস্থিতি গভীরভাবে অবলোকন করা হচ্ছে। নতুন করে আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এ জন্য সতর্ক রয়েছে বিজিবি।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা, হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।











