অতিরিক্ত বিষাক্ত মদ্যপানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঝাউচর এলাকায় এক ছাত্রলীগের সক্রিয় কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (৭ নভেম্বর) সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওই ছাত্রলীগ কর্মীর নাম সম্রাট সোহান। ১৮ বছর বয়সী সম্রাট সোহান রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় বসবাসরত ব্যবসায়ী তোফায়েল আহাম্মেদ স্বপনের ছেলে। একই ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরও একজন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহান গত বৃহস্পতিবার রাতে তার ২-৩ জন বন্ধুর সঙ্গে বিষাক্ত মদ সেবন করেন। পরে শুক্রবার সোহান ও বাবু সুমন নামের ২ জন অসুস্থ হয়ে পড়েন। শনিবার বিকালে সোহানকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।











