আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এখন আর আকাশ থেকে তাকালে কুঁড়ে ঘর দেখা যায় না। বাস্তবিক অর্থে কুঁড়ে ঘর হারিয়ে গেছে। এটিই বদলে যাওয়া বাংলাদেশ। আমাদের এ বদলে যাওয়ার পেছনে পার্শ্ববর্তী দেশ ভারতের অবদান রয়েছে।
তিনি বলেন, গত ১৪ বছর ধরে আমাদের সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। সেই গভীর সম্পর্ক আমাদের উন্নয়ন অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ সফরে আসা ভারতের কলকাতা থেকে ২৫ জন এবং আসাম ও গৌহাটি থেকে আসা ৯ সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, আমরা দুই দেশের নাগরিক। কিন্তু আমরা একই পাখির কলতান শুনি, একই নদীর অববাহিকায় আমরা বেড়ে উঠি। কাঁটাতারের বেড়া আমাদের এই বন্ধনকে বিভক্ত করতে পারেনি। এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও আমাদের ভালোবাসাকে বিভক্ত করতে পারেনি। ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মানুষে মানুষে আত্মিক সম্পর্ক আরও গভীর করতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, হাজার হাজার বছর ধরে আমাদের এই আত্মিক সম্পর্ক রক্তের বন্ধনে একাত্ম হয়েছে একাত্তর সালে। যখন আমাদের মুক্তিবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনী রক্ত ঝরিয়েছে। আমাদের কষ্টের সঙ্গে ভারতের মানুষও কষ্ট স্বীকার করেছে। এক কোটির বেশি মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করেছে। যতই কাঁটাতারের বেড়া দিক কিংবা অন্য কোনো আইন-কানুন হোক না কেন, রক্তের অক্ষরে লেখা হৃদয়ের এই বন্ধন কখনও বিভক্ত করা যাবে না।











