মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেন দখল করলে নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধ করে দেবে আমেরিকা।
ওয়াশিংটন সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে সাক্ষাতে এ হুঁশিয়ারি দেন তিনি।
জো বাইডেন বলেন, জার্মানি ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করার অপেক্ষায় রয়েছে।
নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস জার্মানি হয়ে ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি যাতে বাস্তবায়িত না হয় সেজন্য আমেরিকা বহুদিন যাবত চেষ্টা করে আসলেও জার্মানির বিরোধিতার কারণে এতদিন তা সম্ভব হয়নি। এবার ইউক্রেন ইস্যুতে এটি বানচাল করার জন্য একটি মোক্ষম অজুহাত পেয়ে গেছে ওয়াশিংটন।
এদিকে ইউক্রেনকে কেন্দ্র করে একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার আশায় মস্কো সফর করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ইউক্রেন নিয়ে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা শুরু হওয়ার পর থেকে মাক্রোঁ প্রথম কোনো পশ্চিমা নেতা যিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন।
সাক্ষাতের আগে সংকট সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা চালানোর জন্য মাক্রোঁকে ধন্যবাদ জানান পুতিন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, তিনি উত্তেজনা প্রশমন ও পরস্পরের প্রতি আস্থা সৃষ্টি করতে চান। গণমাধ্যমে দুই প্রেসিডেন্টের সাক্ষাতের দৃশ্য প্রকাশিত হলেও তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লোদিমির ঝিলনেস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
সূত্র: পার্সটুডে











