পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বদলে নিজ দেশের জনগণের প্রতি নজর দিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড এই আহ্বান জানান।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস বলেন, আমরা উত্তর কোরিয়াকে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন, বেআইনি গণবিধ্বংসী অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বেরিয়ে এসে নিজ দেশের জনগণের, অরক্ষিত জনগোষ্ঠীর চাহিদাগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাই।
গত জানুয়ারিতে উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘে আনা আমেরিকার একটি প্রস্তাব আটকে দেয় চীন ও রাশিয়া। পিয়ংইয়ং-এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে উত্তর কোরিয়ার পাঁচ ব্যক্তির ওপর ওই নিষেধাজ্ঞার প্রস্তাব আনা হয়েছিল।
উত্তর কোরিয়া এ বছর এখন পর্যন্ত অন্তত চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে দুইটি সুপারসনিক এবং দুইটি ট্যাক্টিক্যাল গাইডেড ক্ষেপণাস্ত্র। এর মধ্যে দুইটি ক্ষেপণাস্ত্র ট্রেন থেকে ছোঁড়া সম্ভব বলে জানিয়েছে পিয়ংইয়ং।











