spot_img
spot_img

নওগাঁয় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দায় স্বামী মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ৫০ বছর বয়সী স্ত্রী নিলুফা ইয়াসমিন ডলিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান উপজেলার মৈনম ইউনিয়নের রামপুর গ্রামের হাজী ময়েজ উদ্দিনের ছেলে।

রবিবার (৭মার্চ) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ডলির বড় ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়েছে, বাবা মদ্যপ অবস্থায় প্রায়ই মাকে নির্যাতন করতেন। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে মদ খেয়ে বাড়ি ফিরে মাকে নির্যাতন শুরু করেন। এ সময় বাড়িতে ঢুকে বাবার নির্যাতনের হাত থেকে মাকে রক্ষা করি। এরপর বাবা সদর দরজা বন্ধ করে দিয়ে দ্বিতীয় দফায় মাকে মারপিট শুরু করলে নিরুপায় হয়ে বাড়ির অদূরে ডাকাতের মোড় থেকে ছোটভাই মুসা কালিমুল্লাহকে ডেকে নিয়ে আসি।

তিনি আরো বলেন, বিষয়টি স্থানীয় ইউপি সদস্য অনিছুর রহমান ও গ্রামপুলিশ কলিম উদ্দিনকে অবহিত করে বাড়ি ফিরে দেখি মা রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে রয়েছে। ক্রিকেটব্যাট দিয়ে পিটিয়ে মাকে হত্যার চেষ্টা করেন বাবা জিল্লুর রহমান। এ সময় আমার চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহায়তায় ছোটভাই মাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান তিনি।

ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ অভিযোগ করে বলেন, মাকে হত্যাচেষ্টার ঘটনায় গত ৪ মার্চ মান্দা থানায় বাবা জিল্লুর রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত বাবার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ করায় তাকেও হত্যাসহ সম্পত্তি থেকে বঞ্চিত ও বাড়িছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ