মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি আমলে জনগণের বাক স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। সেই বিএনপি বর্তমানে বাক স্বাধীনতার কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে।
শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে ‘সুবর্ণ জয়ন্তী’ উপলক্ষ্যে বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, বিএনপি বর্তমানে বাক স্বাধীনতার কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে। কিন্তু ২০১৪-১৫ সালে তারা গণতন্ত্রের জিগির তুলে নির্বাচন বানচাল করার জন্য অগ্নিসন্ত্রাস করে। শত শত মানুষকে হত্যা করে, পুড়িয়ে-কুপিয়ে মারে। তারা এভাবে শ্রমজীবী, সাধারণ মানুষতে হত্যা করে ক্ষমতায় যেতে চেয়েছিলেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিজয় লাভ করে বাড়ি ফেরার যে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের মানুষ তা হতে দেয়নি, বিজয় তো দূরের কথা, মাথা নিচু করে তাকে বাড়ি ফিরতে বাধ্য করে।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, আপনারা আসুন, নির্বাচনে অংশ নেনে। একটি শক্তিশালী নির্বাচন কমিশন রয়েছে। তাদের নেতৃত্বে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা অংশ নিয়ে জনগণের ভোটে জিতে ক্ষমতায় আসুন। অন্য কোনভাবে ক্ষমতায় আসার সুযোগ নেই।











