স্পেনের একটি মসজিদে আবারও ইসলামবিদ্বেষী হামলা চালিয়েছে স্প্যানিশ দুর্বৃত্তরা। এক মাসেরও কম সময়ে এনিয়ে দ্বিতীয় বারের মতো হামলার ঘটনা ঘটলো।
বুধবার (৭জুলাই) রাতে স্পেনের মার্সিয়ার মসজিদটিতে আক্রমণ করা হয়।
জানা যায়, ২০১৮ সালে মার্সিয়ার কাবেজো দে টরেসে মসজিদটি উদ্বোধনকালেও হুমকি দিয়েছিলো কিছু স্প্যানিশ দুর্বৃত্ত।মসজিদটি উদ্বোধনের আগে ওই দুর্বৃত্তরা গোপনে স্প্রে পেইন্টিংয়ের মাধ্যমে মসজিদের দেয়ালে বিভিন্ন ইসলামবিদ্বেষী স্লোগান লিখে রেখেছিলো। দেয়ালে লিখিত সেই স্লোগানগুলোর অর্থ ছিলো, ইসলামকে না বলুন, দখলদারিত্ব বন্ধ কর এবং স্পেনের সার্বভৌমত্ব অবজ্ঞার শিকার হতে পারে না। এছাড়া মসজিদের বাইরে ছুরিসহ একটি শূকরের মাথাও ঝুলিয়ে রেখে গিয়েছিলো ওই ইসলাম বিদ্বেষী স্প্যানিশ দুর্বৃত্তরা।
এর আগে গত ১৩ জুন ওই অঞ্চলে ইউনুস বিলাল নামে এক মুসলিমকে পয়েন্ট ব্ল্যাংক শ্যুটআউটে গুলি করে হত্যা করেছিলো এক স্প্যানিশ আর্ম এক্সপার্ট।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যার আগে ক্যাফেতে থাকা ইউনুস বিলাল, তার বন্ধুবান্ধব ও অন্যান্যদেরকে ওই স্প্যানিশ আর্মড এক্সপার্ট জঘন্যসব বর্ণবাদী বক্তব্যের মাধ্যমে হেনস্তা করছিলো এবং এক পর্যায়ে পয়েন্ট ব্ল্যাংক পদ্ধতিতে তাকে গুলি করে শহীদ করে।
এ বছরের শুরুতেও মার্সিয়ার সান জেভিয়ারের এক মসজিদে ভাঙচুর চালিয়েছিলো কার্টাজেনার বামপন্থী রাজনৈতিক দল পদেমস। দেশটির মার্সিয়ায় মুহুর্মুহু ইসলামবিদ্বেষী এবং বর্ণবাদী আক্রমণ হলেও সে সম্পর্কে দেশটির কেন্দ্রীয় সরকার একেবারেই নিরব।
মার্সিয়া দেশটির কট্টর ডানপন্থী দল ভক্সের প্রধান দুর্গ হিসেবে পরিচিত। ২০১৯ এর নির্বাচনে মার্সিয়াই ছিলো একমাত্র স্থান যেখানে তারা সবচেয়ে বেশি ভোট পেয়েছিলো।
সূত্র: ইয়েনি শাফাক।












