একদিনের মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।
রোববার (৮ আগস্ট) উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ দখলের পর উত্তরাঞ্চলীয় অপর প্রদেশ সার-ই-পুলের রাজধানী সার-ই-পুল দখল করে নিয়েছে সশস্ত্র সংগঠনটি।
সার-ই-পুলের প্রাদেশিক কাউন্সিলের সদস্য মোহাম্মদ হুসাইন মুজাহিদজাদা বলেন, তালেবানে শহরের বাইরে এক সেনাঘাঁটি ঘিরে রেখেছে। শহরের অন্য সব অংশ তালেবানের নিয়ন্ত্রণে।
প্রাদেশিক কাউন্সিলের অপর সদস্য মোহাম্মদ নুর রহমানি বলেন, গভর্নর ভবন, পুলিশ দফতর ও ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটির দফতরসহ সরকারি দফতরগুলোর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে তালেবান ।
এর আগে শুক্রবার নিমরোজ প্রদেশের যারানজ ও শনিবার জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান দখল করে তালেবান। রোববার কুন্দুজ ও সার-ই-পুল দখলের মাধ্যমে চার প্রাদেশিক রাজধানী তালেবানের নিয়ন্ত্রণে এসেছে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড












