নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধানমন্ত্রী কেন গেলেন ভারতে? কী আনতে গেলেন? যেসব চুক্তি হল, সেসবের জন্য দেশের প্রধানমন্ত্রীর যেতে হয়? আমেরিকা যান, ভারত যান আর পিকিং যান- কোথাও ঠাঁই হবে না। এখনো সময় আছে, ওসব ছেড়ে জনগণের কাছে আসুন। ক্ষমতা ছেড়ে দিন। তবেই রক্ষা পাবেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘ভোট ডাকাতি, দখলদারি, গুম, খুন, দুঃশাসন ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগত’র প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মান্না বলেন, এদেশের ইতিহাস ছাত্রসমাজের ইতিহাস। এ সরকার দেশের ছাত্র রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। গুলি করে মানুষ মারছে। কিন্তু এদেশের ছাত্রসমাজকে ভয় দেখিয়ে কোনদিন দমিয়ে রাখা যায়নি।










