spot_img

গণতন্ত্র ফিরে আসবে, সুসময় আসবে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইনশাআল্লাহ দেশে গণতন্ত্র ফিরে আসবে। সুসময় আসবে। গণতন্ত্র ফিরে আনার এই সংগ্রামে আপনার ছেলে গুরুতর আহত হয়েছে, তার এই কষ্ট বৃথা যাবে না।

জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা মুহাম্মাদ শ্রাবণকে হাসপাতালে দেখতে গিয়ে তার মাকে সান্ত্বনা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পপুলার প্রাইভেট হাসপাতাল অ্যান্ড কলেজে তিনি শ্রাবণকে দেখতে যান।
গত ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে মারাত্মভাবে আহত হন শ্রাবণ।
‘সারাদেশে নজিরবিহীন লোডশেডিং, জ্বালানির মূল্য বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতার নিহত হওয়ার’ প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাকুন্দিয়া উপজেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করেছিল। হাসপাতালে দেখতে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে শ্রাবণের চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেন বিএনপির মহাসচিব।

এসময় শ্রাবণের মা’কে সান্ত্বনা দিয়ে ফখরুল বলেন, আল্লাহর ওপর ভরসা রাখুন, আমরা আপনার পাশে আছি। চিকিৎসকরা গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে তার খোঁজ-খবর নিচ্ছেন।

শ্রাবণ পপুলার হাসপাতালে আইসিইউ-এইচডিইউ’তে চিকিৎসাধীন। গুলির আঘাতে ফুসফুস, খাদ্যনালী, লিভার ও কিডনিতে আক্রান্ত হয়েছেন শ্রাবণ। বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার মুহাম্মাদ রফিকুল ইসলাম তার সার্বিক চিকিৎসার বিষয়টি তদারকি করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ