spot_img
spot_imgspot_img

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন খলিলুর রহমানকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানায়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি অধিবেশনের উদ্বোধন করবেন।

খলিলুর রহমান জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ ফিরে পেল বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এ দায়িত্ব পালন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে খলিলুর রহমান ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটে তিনি ৯৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে জয় পান খলিলুর রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ