বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরে তাকে কারাগারে যেতে হবে।
শামা ওবায়েদ আরও বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে পালিয়ে আছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে বলেও জানান তিনি।












