ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন ও আল আকসা মসজিদ এবং পবিত্র স্থানগুলো অবমাননার কারণেই বর্তমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাত সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।
গত শনিবার (৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি গাজা উপত্যকায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান তা পর্যবেক্ষণ করে যাচ্ছে। লাগাতার মসজিদে আকসা সহ মুসলিমদের পবিত্র স্থানগুলোর পবিত্রতা লঙ্ঘন ও ইহুদিবাদী ইসরাইলের হামলা ও আগ্রাসনের ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান ফিলিস্তিনি জনগণের লড়াইকে তাদের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনার অধিকার বলে মনে করে। একে ইহুদিবাদী দখলদারদের বিরুদ্ধে তাদের প্রতিরোধ যুদ্ধ বলে মনে করে।”
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে গাজা বাসীর মুক্তির জন্য “অপারেশন আল আকসা ফ্লাড” শুরু করে হামাস। এ অপারেশনে ইতিহাসে প্রথমবারের মতো অবৈধ রাষ্ট্রটির অভ্যন্তরে ঢুকে আক্রমণ পরিচালনা করা হয়।
এর বিপরীতে গাজা উপত্যকাকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার হুমকি প্রদান করে শনিবার অপারেশন ‘আইরন সোয়ার্ড’ ঘোষণা করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সূত্র : আল ইমারাহ











