গাজ্জায় ইসরাইলী বিমানবাহিনীর তীব্র বিমান হামলা ও ব্যাপক অভিযানের মধ্যেই এখনো ইসরাইলের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
রোববার (৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ইসরাইলের বেশ কয়েকটি জায়গায় ইহুদী বাহিনী ও হামাসের যোদ্ধাদের মধ্যে লড়াই চলছে।
অপরদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নতুন করে ইসরাইলের দক্ষিণাঞ্চলের শহর মাগেনে প্রবেশ করেছে হামাসের আরও অনেক যোদ্ধা। ওই যোদ্ধাদের সঙ্গে ইসরাইলী বাহিনীর তীব্র লড়াই চলছে। হামাসের সদস্যদের প্রতিহত করতে সেখানে ট্যাংক ব্যবহার করছে ইসরাইল।
ইসরাইলী সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, গাজ্জা উপত্যকার সীমান্তবর্তী শহর সেরোতের একটি পুলিশ স্টেশনে হামাসের ১০ সদস্য অবস্থান নিয়েছিলেন। তাদের সরিয়ে দিয়ে এখন সেখানে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃস্থাপন করতে সমর্থ হয়েছে ইসরাইলী বাহিনী।
সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাতব্যাপী অভিযান চালিয়ে হামাসের কাছ থেকে বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরাইল। কিন্তু বে’ঈরিতে যুদ্ধ চলছিল। তবে সেরোত এবং দক্ষিণাঞ্চলের আরও চারটি অঞ্চলের অবস্থা নিয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি তারা।
হারেৎজ জানিয়েছে, কাফার আজার বাসিন্দারা এখনো ঘরের ভেতরে নিজেদের আবদ্ধ করে রেখেছেন এবং সেনাবাহিনীর সহায়তার জন্য অপেক্ষা করছেন।











