ইনসাফ | জুনাইদ আহমাদ
আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর পরিপূর্ণ সুস্থতা কামনায় হাটহাজারী মাদরাসার কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদে বিশেষ দুআ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ই নভেম্বর) বাদ ফজর সকল ছাত্র শিক্ষক ও মুসল্লীদের নিয়ে দুআ পরিচালনা করেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মাওলানা ইয়াহইয়া।
দুআপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ইয়াহইয়া বলেন, হাটহাজারী মাদরাসার চারজন প্রতিষ্ঠাতার অন্যতম সূফী আজিজুর রহমান বাবুনগরী রহ. তার সুযোগ্য দৌহিত্র আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। দেশের শীর্ষ স্থানীয় একজন মুরুব্বি। বেশকিছু দিন যাবত নানা অসুস্থতায় ভুগছেন। বর্তমানে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা অপরিবর্তিত। পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের নিকট দুআ চান।
এ সময় মুফতী আযম আল্লামা ফয়জুল্লাহ (রহ.) এর দৌহিত্র মেখল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ফোরকান ফয়জীর সুস্থতার জন্যও দুআ করেন মাওলানা ইয়াহইয়া।
উল্লেখ্য, মাওলানা ফোরকান ফয়জী দীর্ঘদিন যাবত কিডনির সমস্যায় ভুগছেন। গতকাল ৫ ই নভেম্বর শুক্রবার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে।
এদিকে পরিবারের পক্ষ থেকে মাওলানা ফোরকান ফয়জীর পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর নিকট দুআ চেয়েছেন মেখল মাদরাসার মোহতামীম মাওলানা ওসমান ফয়জী।











