রাজপথে বাধা আসলে পাল্টা জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর।
তিনি বলেন, বর্তমান সরকার দুর্বৃত্তায়নের রাজনীতি করছে। এ অবস্থার পরিবর্তন আনতে রাজপথে নামতে হবে। রাজপথে বাধা আসলে পাল্টা জবাব দিতে হবে। গ্রেফতারের ভয়ে মিছিল ছেড়ে পালানো যাবে না।
সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ব্যক্তিগত সম্পর্কের কারণে কোনো সামাজিক অনুষ্ঠানে গেলেও রাজনৈতিক ব্যক্তিদের লুকিয়ে যেতে হয়, না জানি সরকার এটা নিয়ে আবার কী বলতে শুরু করে। সরকারের এমন আচরণে রাজনৈতিক ব্যক্তিরা সামাজিকতা থেকে দূরে সরে যাচ্ছে। কোনো সামাজিক অনুষ্ঠানে গেলেও তারা সব সময় ভয়ে ভয়ে থাকেন।
তিনি বলেন, বর্তমানে অনেক প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, যারা ছাত্রজীবনে একই সংগঠন করতেন। এখন তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলে রয়েছেন। এরাও যখন কোনো সামাজিক অনুষ্ঠানে যান, তখন পারলে মুখটা লুকিয়ে রাখেন। কে কখন ছবি তুলে সেটা নিয়ে আবার কি না কী হয়ে যায় এ ভয়ে। আওয়ামী লীগ এ অবস্থাটা আজ রাজনীতিতে তৈরি করেছে।











