মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, আপনারা যারা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সামনে সাক্ষ্য দিতে এসেছেন, তারা কোনও মিথ্যা তথ্য দেবেন না। আপনার সাক্ষীতে মুক্তিযোদ্ধা নয়, এমন কোনও ব্যক্তি তালিকাভুক্ত হোক কিংবা প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই থেকে বাদ যাক এটা আমরা চাই না।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নতুন মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত ও যাচাই-বাছাই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ, ডেপুটি কমান্ডার মো. নজরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ প্রমুখ।










