প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৩ বছর দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে, যার ফলে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই গতিধারা যেন থেমে না যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করানোর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারায় এটিই প্রতীয়মান হয়েছে, জনগণ কখনো ভুল করে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বিশ্বাস করি, গণতন্ত্রে এবং জনগণের ভোটের অধিকারে। জনগণই ভোট দিয়ে তাদের পছন্দমতো প্রার্থী নির্বাচন করবে, যারা তাদের জন্য কাজ করবে। কারণ, জনগণ কখনো ভুল করে না, এটা হলো বাস্তবতা। কাজেই জনগণের ওপর আস্থা রেখেই আমরা সব রকম কাজ করি। এ সময় তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজের ভোগ-বিলাসের কথা না ভেবে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করারও নির্দেশ দেন।
মেয়রের শপথের পর নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভী তৃতীয়বারের মতো নাসিকের মেয়র নির্বাচিত হন।
নৌকা প্রতীক নিয়ে ১৯২টি কেন্দ্রে তিনি ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট। আইভী ৬৬ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে তৈমূর আলম খন্দকারকে পরাজিত করেছেন।










