তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য শুভ নয়। তারা বিভিন্ন গ্রামেগঞ্জে পদযাত্রা করে তাদের নৈরাজ্য-সন্ত্রাস গ্রামপর্যায়ে ছড়িয়ে দিতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এটা হতে দেবে না এবং আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বাজুস ফেয়ারে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আগে বিএনপি বিভিন্ন শহরে পদযাত্রা করেছে। এখন তারা ইউনিয়নে-ইউনিয়নে পদযাত্রা করবে বলেছে। শহরে যখন তারা পদযাত্রা করেছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করেছে। তাদের উদ্দেশ্য শুভ নয়। তারা যদি গ্রামেগঞ্জে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালায়, জনগণ তাদের প্রতিহত করবে।
খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত একজন আসামি। তার এখন জেলেই থাকার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় হয়ে তার প্রশাসনিক ক্ষমতাবলে আসামির বয়স ও নানা সমস্যা বিবেচনায় নিয়ে তাকে ঘরে থাকার অনুমতি দিয়েছেন। এ জন্য বিএনপি মহাসচিবের উচিত ছিল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া।
তথ্যমন্ত্রী এর আগে ‘সেলিব্রিটিদের গহনা ভাবনা’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আমাদের রপ্তানি ঝুড়ি প্রায় পুরোটাই গার্মেন্টস শিল্পনির্ভর হয়ে গেছে। রপ্তানির শতকরা প্রায় ৮৫ ভাগই তৈরি পোশাক। বাণিজ্যে বহুমুখিতা প্রয়োজন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এতে যুক্ত হয়েছে। জুয়েলারি শিল্প একটি বড় আঙ্গিকে রপ্তানিতে যুক্ত হতে পারে।
ড. হাছান বলেন, আমাদের দেশে ভালো কারিগর আছে। এখন থেকে প্রস্তুতি নিলে আগামীতে আমরা বছরে কয়েক বিলিয়ন ডলারের জুয়েলারি রপ্তানি করতে সক্ষম হব।










