বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয় সেদিকটা খেয়াল রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে দেশের অবস্থা আরও ভালোর দিকে যাবে।
রোববার (৯ এপ্রিল) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মুদ্রাস্ফীতি শতকরা ৯ ভাগ হলেও পাকিস্তানে এটি শতকরা ৩৫ ভাগ। মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। এ কারণে বিএনপির উচিত বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে সমালোচনা করা।
তিনি আরও বলেন, সরকার প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তূকি মূল্যে টিসিবির পণ্য অস্বচ্ছলদের মাঝে বিক্রি করছে। এখন রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই। বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে।











