spot_img
spot_img

মহররমের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর খামেনির জানাজা ও দাফন: ইরান

আমেরিকা ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানিয়েছে ইরান।

খামেনির স্মরণসভা আয়োজনে গঠিত কমিটি জানিয়েছে, মহররমের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর তাঁর জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ মঙ্গলবার জানিয়েছে, কমিটির সদর দফতর এদিন খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের জানাজা এবং স্মরণসভা নিয়ে দ্বিতীয় বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাবেক সর্বোচ্চ নেতার স্মরণ, জানাজা ও দাফন অনুষ্ঠান মর্যাদাপূর্ণভাবে আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে।

এতে দেশি-বিদেশি গণমাধ্যমে এ আয়োজনের সময় ও বিবরণ নিয়ে জল্পনা এবং যাচাইবিহীন প্রতিবেদন প্রচারের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের অসত্য তথ্য ঐতিহাসিক এই সমাবেশে যোগ দিতে আগ্রহীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এসব তথ্যের কোনো ভিত্তি নেই।

আরও বলা হয়, ইমাম হুসাইনের শোকানুষ্ঠান পালনের বিষয়ে শহীদ নেতার দীর্ঘদিনের অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে আশুরার পর, অর্থাৎ মহররম মাসের প্রথম ১০ দিন শেষে জানাজা ও দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কমিটি জানিয়েছে, শোকাহত মানুষের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রিয় সংগঠনগুলো চূড়ান্ত সময়সূচি এবং লজিস্টিক ব্যবস্থাপনার সমন্বয় করছে। অনুষ্ঠানসংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, ইরানের ওপর ইসরাইল ও আমেরিকার হামলার শুরুর দিকে গত ২৮ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।

এর আগে তেহরানের ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদ বলেছিলেন, খামেনির জানাজা এমন একটি বৈশ্বিক আয়োজন হবে, যা ইরান ও সমগ্র ইসলামি বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইতিমধ্যে ইরাকসহ বিভিন্ন দেশ থেকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নিবন্ধন ও প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে।

আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি টানা ৩৬ বছর ৬ মাস এ পদে ছিলেন।

সূত্র: তাসনিম নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ