আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আসা না আসা যে কোন দলের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু নির্বাচন হতে না দেওয়ার আস্ফালন করে লাভ নেই। তিনি বলেন যতই বাধা আসুক সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (৯ আগস্ট) সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন দেশে কোথায় তাদের আন্দোলন? কোথায় তাদের উত্তাপ? জনগণতো কিছু দেখছে না। তিনি আরও বলেন একবার শুনি রাজপথ দখলে নিবে,আবার শুনি সরকারকে টেনে নামাবে,কখনো শুনি নির্বাচন হতে দিবে না।আসলে বিএনপির সক্ষমতা কতটুকু তা আমাদের জানা আছে।
বিএনপি নেতাদের প্রতিদিন অভিন্ন বক্তব্য, হুমকি-ধামকি শুনতে শুনতে জনগণ এখন হাসে বলেও মনে করেন তিনি।
তিনি এসময় বলেন বৈশ্বিক সংকটের নেতিবাচক প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে অস্থিতিশীলতা ও মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন এ সংকট কোন দেশের নয়,এ সংকট সারা বিশ্বের।










