spot_img

সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিসর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার (৮ আগস্ট) তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর ‘এডিটরস ডেস্ক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ফিদান এ কথা বলেন।

ফিদান জানান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের লক্ষ্য হচ্ছে এই প্রতিরক্ষা উদ্যোগকে শুধু তিন দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের আরও দেশকে এর আওতায় আনা।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চুক্তির মূলনীতি হলো, তিন দেশের কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক একটি ব্যবস্থা; এর কোনো সম্প্রসারণবাদী উদ্দেশ্য নেই।’

তিনি বলেন, ‘আমাদের প্রেসিডেন্টের লক্ষ্য হলো, এই উদ্যোগ যেন শুধু তিন দেশের মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রয়োজন হলে এই ছাতার নিচে অঞ্চলের সব দেশকে আনার সুযোগ তৈরি করা।’

ফিদান আরও জানান, পরবর্তী ধাপে মিসরও এই প্রতিরক্ষা চুক্তির অংশ হতে পারে।

তিনি বলেন, চুক্তিতে কোনো নির্দিষ্ট ‘অভিন্ন হুমকি’র কথা উল্লেখ করা হয়নি। তবে এর আওতায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই যৌথ প্রতিরক্ষা চুক্তিকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ