তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে ‘ধর্ম যার যার, উৎসব সবার’। সেই মতে বাংলাদেশ আজ সারাবিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির।
আজ সন্ধ্যায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাঙ্গুনিয়া শাখা আয়োজিত চেক ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মার সভাপতিত্বে রাঙ্গামাটির জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ অভেদানন্দ ব্রহ্মচারী অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং আয়োজনটি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক বেনু কুমার দে। কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী অফিসার মো. ইফতেখার ইউনুচ, সহকারী কমিশনার ভূমি বাবু রাজীব চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।










