spot_img
spot_img

গাজ্জায় জরুরি মানবিক সহায়তা বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে শাহবাজ শরিফের নির্দেশ

গাজ্জায় জরুরি মানবিক সহায়তা বাড়াতে ‘সব ধরনের সম্ভাব্য উপায়’ কাজে লাগানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে মানবিক সহায়তা প্রবেশে দখলদার ইসরাইলের অব্যাহত বিধিনিষেধ, যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ভঙ্গের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য মৌলিক মানবিক সহায়তা বন্ধে ইসরাইলের অব্যাহত অবৈধ কর্মকাণ্ড নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, তাঁবুগুলো পানিতে ডুবে যাওয়ার হৃদয়বিদারক ছবি এবং গাজ্জার যেসব শিশুর যাওয়ার কোনো জায়গা নেই, তাদের আটকে পড়া, অনাহার ও প্রচণ্ড শীতের মুখে পড়ার দৃশ্য অত্যন্ত মর্মান্তিক।

শাহবাজ শরিফ যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইসরাইলের অব্যাহত আগ্রাসনের কঠোর নিন্দা জানান। গাজ্জায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা বাড়াতে ‘সব ধরনের সম্ভাব্য উপায়’ অনুসরণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

গাজ্জায় প্রচণ্ড বৃষ্টি ও ঝোড়ো বাতাসে প্রায় ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে গেছে। এতে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো নতুন করে আশ্রয়হীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকটের কারণে জরুরি উদ্ধার ও সহায়তা কার্যক্রম মারাত্মক চাপে পড়েছে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া ঝড়ে কয়েক ডজন দেয়ালও ধসে পড়েছে। এতে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ডলার বলে ধারণা করা হয়েছে।

গাজ্জা পৌরসভার মুখপাত্র হুসনি মুহান্না বলেন, যেসব পরিবারের তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের থাকার মতো কোনো জায়গা নেই। তিনি জানান, গাজ্জা সিটির মোট আয়তনের প্রায় ৩০ শতাংশ এলাকায় প্রায় ১০ লাখ বাসিন্দা ও বাস্তুচ্যুত মানুষ গাদাগাদি করে বসবাস করছেন। দখলদার ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় সেখানে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

মুহান্না বলেন, মাত্র ১২ ঘণ্টায় শহরটিতে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা শহরটির বার্ষিক মোট বৃষ্টিপাতের প্রায় ১৫ শতাংশ। ঝোড়ো বাতাসে কিছু তাঁবু উড়ে গেছে, অন্যগুলো ছিঁড়ে গেছে। পাশাপাশি বৃষ্টির পানি আশ্রয়কেন্দ্রগুলোতে ঢুকে পড়েছে।

তিনি জানান, রাস্তায় পানি জমে যাওয়া, মাটি ক্ষয়ে যাওয়া এবং নালা-নর্দমা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে পৌরসভার কর্মীরা ২৫০টি ফোনকল পেয়েছেন। সীমিত সামর্থ্য নিয়েই তাঁরা অধিকাংশ সমস্যার সমাধানে কাজ করেছেন।

তিনি আরও সতর্ক করে বলেন, গাজ্জা সিটির ২৭০টি শিবির ও আশ্রয়কেন্দ্র বন্যার ঝুঁকিতে রয়েছে। যুদ্ধের সময় সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে পানি নিষ্কাশনব্যবস্থার সক্ষমতা কমে মাত্র ২০ শতাংশে দাঁড়িয়েছে। ফলে নিচু এলাকাগুলো বিশেষভাবে বন্যার ঝুঁকিতে রয়েছে। শীতকালীন সামগ্রী, ত্রাণসহায়তা ও ভারী সরঞ্জাম গাজ্জায় পৌঁছানোর সুযোগ দিতে সীমান্ত ক্রসিংগুলো সম্পূর্ণ খুলে দেওয়ার দাবি জানান তিনি।

গাজ্জার সিভিল ডিফেন্সের জনসংযোগ পরিচালক আবদুল্লাহ আল-মাজদালাওয়ি বলেন, দখলদার ইসরাইলের অবরোধ এবং মোবাইল হোম ও পুনর্গঠনসামগ্রী প্রবেশে বিধিনিষেধের কারণে বাস্তুচ্যুত মানুষের জন্য আরও নিরাপদ আশ্রয়ের বিকল্প ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ বৃহস্পতিবার জানিয়েছে, গত জুনে পরিচালিত জরিপের তথ্য অনুযায়ী, গাজ্জার ১৯ লাখ ৮০ হাজার মানুষের, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ৯৪ শতাংশের আশ্রয় ও অন্যান্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী দরকার। তাদের মধ্যে ৫৮ শতাংশ মানুষ আশ্রয়ের ক্ষেত্রে সংকটজনক বা বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছেন।

গত অক্টোবরে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় সতর্ক করে জানায়, ৯ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি এমন সব বাস্তুচ্যুত শিবিরে বসবাস করছেন, যেগুলো মাঝারি থেকে উচ্চমাত্রার বন্যার ঝুঁকিতে রয়েছে। তাদের মধ্যে ৪ লাখের বেশি মানুষ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছেন।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া দখলদার ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে গাজ্জার ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও আশ্রয় ও পুনর্গঠনের প্রয়োজনীয়তা এখনো পাওয়া সহায়তার তুলনায় অনেক বেশি। এর মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণ ও ঘরবাড়ি মেরামতের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে ইসরাইলের বিধিনিষেধ অব্যাহত রয়েছে।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন (পাকিস্তান)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ