spot_img
spot_img

হেফাজত আমীরের বক্তব্য আরও সংযত ও সহনশীল হওয়া উচিত: মাওলানা জালালুদ্দীন

হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের ভাষা আরও সহনশীল, সংযত ও মার্জনীয় হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, এমনভাবে কথা বলা উচিত, যাতে নিজেদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি না হয় এবং কেউ কষ্ট না পান।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টায় এশিয়া পোস্টকে দেওয়া এক ফোনালাপে এসব কথা বলেন তিনি।

গত শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামে এক ওয়াজ মাহফিলে সরাসরি নাম উল্লেখ না করে মাওলানা মামুনুল হককে ইঙ্গিত করে ‘… বাচ্চা’ বলে মন্তব্য করেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। তার এ বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে কওমী মাদরাসাসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

হেফাজত আমীরের এ ধরনের বক্তব্যের বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিক্রিয়া জানতে চাইলে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, তাদের বিরুদ্ধে অনেকেই কথা বলছেন। কেউ বই লিখছেন, কেউ মামুনুল হকের সঙ্গে ওয়াজ করবেন না বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। এ ছাড়া আরও নানা ধরনের কথা বলা হচ্ছে।

তিনি বলেন, তবে আমাদের দলীয় সিদ্ধান্ত, আমরা কারও বিপক্ষে বলব না। সকল অপপ্রচার ও মিথ্যাচারের বিষয়ে আমরা ধৈর্য ধরব। আমাদের বিরুদ্ধে এভাবে অপপ্রচার করা হচ্ছে, তারপরও আমরা বিবৃতি বা মিটিং-মিছিল করছি না।

কাজের মাধ্যমেই এসব অপপ্রচারের জবাব দেবেন বলে জানান তিনি।

হেফাজত আমীরের আরও সহনশীল ভাষা ব্যবহার করা উচিত জানিয়ে বিকেএম মহাসচিব বলেন, হেফাজতের আমীর তাদের সবার মুরুব্বি। এর আগেও তার বক্তব্যে কিছু গালমন্দ ছিল, যা তাদের কানে এসেছে। গত শুক্রবারও তিনি কিছু কথাবার্তা বলেছেন। এগুলো তার জন্য মানানসই নয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, তার এমনভাবে কথা বলা উচিত, যাতে তাদের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি না হয়। তাঁর বক্তব্যে আরও সংযত, সহনশীল ও মার্জনীয় ভাষা ব্যবহার করা উচিত।

কওমি আলেমদের আকিদার মতোই বাংলাদেশ খেলাফত মজলিসের আকিদা বলে উল্লেখ করেন দলটির মহাসচিব। তিনি বলেন, আকিদার বিষয়ে তাদের দলের কোনো ছাড় নেই। এ বিষয়ে তারা কারও সঙ্গে আপস করেন না।

মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে কেন এমন মন্তব্য করা হচ্ছে, জানতে চাইলে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সরকার সবসময় বিরোধী দল ও বিরোধী মতকে দুর্বল করতে চায়। বর্তমানে মামুনুল হক ও তার দল বিরোধী দলের রাজনীতিতে প্রাসঙ্গিক। সরকার বা সরকারদলীয় বাহিনীর প্ররোচনায় পড়ে বিরোধী দল ও মতকে দুর্বল করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি দাবি করে বলেন, অনেকেই সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য মামুনুল হকের বিরোধিতা করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ