দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনি সংলাপ না করে সংঘাতের দিকে যাচ্ছেন। এটা কখনো হতে পারে না। বহুদলীয় গণতন্ত্রের সবকিছু আপনার নির্দেশ মোতাবেক চলবে, এটা হতে পারে না। আপনি ভুল পথে যাচ্ছেন। আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। আপনি ঠিক করতে পারেন না, জনগণ কাকে ভোট দেবে আর কাকে দেবে না। আপনি মালয়েশিয়ার কাছ থেকে শিখুন। মালয়েশিয়ার উন্নয়নের কর্মকার মাহাথীর মোহাম্মদ জামানত হারিয়েছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে রাজনৈতিক দল কী বক্তব্য দেবে, কোথায় মিটিং করবে এটা কি আপনি ঠিক করে দেবেন? আপনি কক্সবাজার থেকে শুরু করে যেকোনো মাঠে বক্তব্য দিতে পারবেন, আর অন্যান্য রাজনৈতিক দল কোনো মাঠে মিটিং করতে পারবে না! আপনি বলেছিলেন, আপনারা মিটিং-মিছিল করে আসেন আমি চা খাইয়ে দেব। কিন্তু চায়ের বদলে এখন জেলখানায় পাঠাচ্ছেন, গুলি করছেন। কায়দাকলে বাকশালের দিকে যাবেন না। বাকশাল কখনো আমাদের আদর্শ হতে পারে না।
বঙ্গবন্ধুর বাকশাল গঠন প্রসঙ্গে তিনি আরও বলেন, ১৩ আগস্ট যখন বঙ্গবন্ধু আমাকে ডেকে পাঠালেন, তাকে বলেছিলাম আপনি এই কাজ করবেন না। প্রধানমন্ত্রীকে বলছি-আপনি পিতার কাছ থেকে শিখুন। তা না হলে আজকে বিএনপির ওপর যে নির্যাতন হয়েছে, যদি সিদ্ধান্ত হয় তাহলে আমিও তাদেরকে দেখতে যাব। নয়াপল্টনে যাব, আমাদের অধিকার ক্ষুণ্ন করার অধিকার আপনার নেই।










