অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের জন্য সরকার যে তরঙ্গ বরাদ্দ করে তার ওপর চার্জ করা হয়। এর সঙ্গে ভ্যাট যুক্ত করা হয়। এই ভ্যাটযুক্ত করার কারণে তারা (তিন কোম্পানি) হাইকোর্টে এসে মামলা ফাইল করে। হাইকোর্ট তাদের রিট খারিজ করে দেয়। এর বিরুদ্ধে তারা আপিলে আবেদন করা হলে আদালত শুনানি নিয়ে তাদের আপিল আবেদন খারিজ করে দিয়েছেন। এরফলে এখন এসব প্রতিষ্ঠান থেকে এনবিআর এবং বিটিআরসি টাকা আদায় করবে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন বলে জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আমরা শুনানিতে বলেছি, ভ্যাটের ক্ষেত্রে ২০১১ সালের আইনটা সংশোধন করা হয়েছে। এই সংশোধনের ফলে রাষ্ট্রপক্ষ থেকে আমরা এই ভ্যাট দাবি করতে পারি।
বিটিআরসির পক্ষের আইনজীবী খোন্দকার রেজা-ই রাকিব বলেন, তিনটি অপারেটরের কাছে লাইসেন্স নবায়ন ফি এবং রেভিনিউ শেয়ারিং ফিসহ বিভিন্ন ফি বাবাদ দুই হাজার দুইশত কোটি টাকার মতো পাবো। এর সঙ্গে আরও তিনশত কোটি টাকার মতো পাবো। রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার পর থেকে আমরা টাকা দাবি করবো।










