কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি যত বৃহত্তর ঐক্য, আন্দোলন-সংগ্রাম করুক না কেন, সরকারের পতন ঘটাতে পারবে না। ২০১৪ সাল থেকে তারা আন্দোলন-সংগ্রামের নামে গাড়ি ভাঙচুর, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে চরম নৃশংসতা ও বর্বরতার পরিচয় দিয়ে আসছে। তখনও সরকারের পতন ঘটাতে তারা সক্ষম হয়নি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আর্নৌদ হামিলির্স’র সঙ্গে বৈঠকে শেষে বিএনপির বৃহত্তর ঐক্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, অনেক ভুঁইফোড় দলও রয়েছে। ২০ দল নিয়ে বিএনপির জোট রয়েছে, এটিকে বাড়িয়ে তারা ৩০ দলও করতে পারে। দলের সংখ্যা বড় কথা নয়, জনগণের ঐক্য হতে হবে। জনগণের মাঝে এসব দলের ভিত্তি ও জনপ্রিয়তা কতটুকু তা দেখতে হবে।
তিনি বলেন, আমি মনে করি, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের অনেক উন্নয়ন করেছে, সুশাসন প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ সরকারের ওপরে জনগণের বিপুল সমর্থন রয়েছে।










