মাইগ্রেশনসহ বিভিন্ন দাবিতে রংপুরে নর্দান (প্রা:) মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শরীরে কাফনের কাপড় জড়িয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার (১০ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রংপুর মেডিকেল মোড়ে রংপুর-দিনাজপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে কোনো হাসপাতাল নেই, নেই শিক্ষক। বিএমডিসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন অনুমোদনও নেই। তার পরেও নেপাল থেকে আসা ৩২জনসহ তিন শতাধিক শিক্ষার্থী এখানে ভর্তি হয়ে লেখাপড়া করে আসছেন। কর্তৃপক্ষ বার বার আশ্বাস দেওয়ার পরেও কোর্স পরিচালনায় কোন অনুমোদন আনতে পারেনি তারা। এমনকি ইন্টার্নশিপের কোন ব্যবস্থা করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। ধার করা রোগী ও শিক্ষক দিয়ে ক্লাস করিয়ে তাদের সঙ্গে প্রতারণার মাধ্যমে শিক্ষা জীবন ধ্বংস করা হয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোসহ রাজধানীতে গিয়ে মানববন্ধন ও রংপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ঘেরাও করে বিক্ষোভ-মানববন্ধন করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।












