spot_img
spot_img

মোবাইল ফোনে জানা যাবে মামলার তারিখ

আদালতে যথাসময়ে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে বিদ্যমান সমনজারি পদ্ধতির পাশাপাশি সাক্ষীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফৌজদারি মামলার তারিখ জানাবে টেলিটক বাংলাদেশ লিমিটেড। বুধবার তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে এ সম্পর্কিত চুক্তি সম্পাদিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এসএমএসের মাধ্যমে এই ডিজিটাল সমনজারির কার্যক্রম শুরু করা হচ্ছে। এ কার্যক্রমের উদ্বোধন করা হবে আগামী ১৮ মার্চ। প্রাথমিকভাবে কুমিল্লা ও নরসিংদী জেলায় পাইলট প্রোগ্রামের মাধ্যমে কার্যক্রমটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ চুক্তির মাধ্যমে ফৌজদারি মামলার সাক্ষীরা আদালতে বিচারাধীন মামলার ধার্য তারিখ সম্পর্কে বিদ্যমান সমনজারি প্রক্রিয়ার পাশাপাশি এসএমএসের মাধ্যমে অবগত হবেন। ফলে সহজে ও স্বল্প খরচে আদালতে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত হবে, যার মাধ্যমে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি সম্ভব হবে।

আইন ও বিচার বিভাগের পক্ষে যুগ্ম সচিব এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার প্রভাষ চন্দ্র রায় চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইন সচিব মো. গোলাম সারওয়ারসহ আইন ও বিচার বিভাগ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ