spot_img
spot_img

অস্থায়ী বন্দর নির্মাণ করতে গাজ্জায় যাচ্ছে মার্কিন সামরিক জাহাজ

গাজ্জা উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণের জন্য সরঞ্জাম নিয়ে রওনা হয়েছে আমেরিকার একটি সামরিক জাহাজ। মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানায়।

শনিবার (৯ মার্চ) ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটি থেকে “জেনারেল ফ্রাঙ্ক এস বেসন” নামের জাহাজটি যাত্রা শুরু করে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমুদ্রপথে গাজায় সহায়তা পাঠাতে যুক্তরাষ্ট্র ভাসমান বন্দর তৈরি করবে বলে ঘোষণা দিয়েছিলেন।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজ্জা উপত্যকায় দুর্ভিক্ষ প্রায় অনিবার্য এবং শিশুরা অনাহারে মারা যাচ্ছে। স্থল ও আকাশপথে সাহায্যপণ্য বিতরণ কঠিন ও বিপজ্জনক বলে ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। সহায়তাপণ্যের বহরে গুলিবর্ষণ ও লুটপাট করার পরে স্থলপথে ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ করে দেয় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এরপর আকাশপথে ত্রাণ বিতরণ করতে গিয়ে শুক্রবার প্যারাসুট সঠিকভাবে না খোলায় সাহায্যপণ্য পড়ে পাঁচজন শহীদ হন।

ইউএস সেন্ট্রাল কমান্ড এক টুইট বার্তায় জানায়, বাইডেন ঘোষণা দেওয়ার ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে মার্কিন জাহাজটি ছেড়ে গেছে। জাহাজটি গাজায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তাপণ্য সরবরাহ করতে একটি অস্থায়ী ঘাট স্থাপনের জন্য প্রাথমিক সরঞ্জাম বহন করছে।

পেন্টাগন বলেছে, ওই ঘাটটি তৈরি করতে এক হাজার সৈন্যের ৬০ দিন অর্থাৎ দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে তাদের কেউ উপকূলে প্রবেশ করবে না। আর দাতব্য সংস্থাগুলো বলেছে, গাজ্জায় যারা ভুগছেন, তারা এতদিন অপেক্ষা করতে পারবেন না।

এদিকে, প্রায় ২০০ টন খাদ্য বোঝাই একটি সহায়তা জাহাজ সাইপ্রাসের একটি বন্দর থেকে যাত্রা করার জন্য ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। বহু কাঙ্ক্ষিত জাহাজটি সোমবারের আগে ছেড়ে যেতে পারবে বলে আশা করা হচ্ছে। এর আগে ইইউ ঘোষণা দেয়, গাজ্জার নিকটতম ইউরোপীয় দেশ সাইপ্রাস থেকে নতুন সামুদ্রিক রুট চালু হবে যাতে সরাসরি সাহায্য পাঠানো যায়।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ