রিমান্ডে নির্যাতন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রিমান্ড নিয়ে নির্যাতনের কথা শুনি। এখন থেকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা কাঁচের মতো ঘর তৈরি কা হবে। যাতে অন্যরা দেখতে পারে, তার সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে কি-না।
আজ মঙ্গলবার (১০ জুন) গাজীপুর মেট্রোপলিটনের গাছা ও কোনাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এজন্য একটি পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে। পুলিশের কেউ মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাদেরকে ছাড় দেয়া হবে না। এরইমধ্যে বিভিন্ন পদমর্যাদার ৮৪ জনকে আমরা এটাচ করে রেখেছি। ইতোমধ্যে আমি ৩০-৪০ জনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। যদি আরও ৩০-৪০ জনকে বাড়িতে পাঠাতে হয়, একটুও কুণ্ঠিত হব না—যদি তারা কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকে।
তিনি আরও বলেন, আগে বলা হতো—জিডি ও মামলা পুলিশ নিতে চায় না। এজন্য আমরা ইতোমধ্যে মামলার গ্রহণ প্রক্রিয়া অনলাইনে করার ব্যবস্থা গ্রহণ করেছি। এখন জিডি ঘরে বসেই করা যায়। ফলে মামলা করার জন্য মানুষকে থানায় যেতে হয় না, তাই হয়রানিও পোহাতে হয় না।











