আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেকোনো দুর্যোগ ও সংকটে নিরাপদ দূরত্বে অবস্থান করে মিডিয়ায় ঝড় তোলাই বিএনপির স্বভাব। করোনাকালেও এর ব্যতিক্রম ঘটেনি।
চলমান করোনা সংকট নিয়ে বিএনপির পাঁচ দফা প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, এগুলোর অধিকাংশই ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং কিছু বাস্তবায়নাধীন রয়েছে। বিএনপির প্রস্তাব চর্বিতচর্বণ, যাতে সংকট উত্তরণের জন্য নতুন কিছু নেই।
শুক্রবার (৯ জুলাই) নিজ সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যখন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জনগণের জীবন-জীবিকার সুরক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছেন, তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে পাঁচ দফা প্রস্তাব দিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে।
তিনি আরও বলেন, বিএনপি এরপর একদিন বলতে শুরু করবে সরকার বিএনপির পাঁচ দফা প্রস্তাব মানলে পরিস্থিতির আরও উন্নতি ঘটত। সরকারকে পরামর্শ দিলেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের দায়িত্ব কী তা নিয়ে একটি কথাও বলেনি।











