spot_img

নির্বাচনি সমাবেশে ৪১ জন নিহতের ঘটনায় পুলিশকে দায়ী করলেন বিজয়

গত বছর তামিলনাড়ুর কারুরে নির্বাচনি সমাবেশে ঘটে যাওয়া প্রাণঘাতী পদপিষ্টের ঘটনার জন্য পুলিশ ও তৎকালীন প্রশাসনের দায় রয়েছে বলে অভিযোগ করেছেন তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) প্রধানও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

শুক্রবার (১০ জুলাই) কারুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিল, অথচ পুরো ঘটনার দায় তার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে কারুরে বিজয়ের এক নির্বাচনি সমাবেশে অতিরিক্ত জনসমাগমের কারণে হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়, যা রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত বিজয় বলেন, কারুরের সেই দুর্ঘটনা তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর একটি। তার ভাষ্য, তিনি নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা পুলিশের ওপর আস্থা রেখেছিলেন। কিন্তু যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে থাকে, তাহলে কেন পুলিশ তাকে সমাবেশে যেতে বাধা দেয়নি বা অনুষ্ঠান বাতিল করেনি এমন প্রশ্নও তোলেন তিনি।

একই সঙ্গে তিনি দাবি করেন, তাকে মঞ্চে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুলিশই সহায়তা করেছিল। পুরো ঘটনার নেপথ্যে কারা প্রভাব বিস্তার করেছিল, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

দুর্ঘটনার পরের সময়ের কথা উল্লেখ করে বিজয় বলেন, ওই ঘটনার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এমন কঠিন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষ তার অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি পুরো ঘটনাটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র থাকতে পারে বলেও ইঙ্গিত দেন।

উল্লেখ্য, দুর্ঘটনার সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন এম কে স্ট্যালিন। প্রথমদিকে মামলাটি তামিলনাড়ু পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্ত করলেও পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ