হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় সপ্তাহান্তের পর এশিয়ার বাজার খুলতেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।
সোমবার (১০ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট উভয় ধরনের তেলের দামই ঊর্ধ্বমুখী।
ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৪৬ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে ইরান ও ওমানের মধ্যে চুক্তি স্বাক্ষরের আশায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হলে গত সপ্তাহে তেলের দাম ৭ শতাংশের বেশি কমেছিল।
বিশ্বজুড়ে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়ে থাকে। ফলে হরমুজ প্রণালির চলাচল নিয়ে যেকোনো অনিশ্চয়তা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলে।
ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে থাকলেও সেটি কার্যকর করতে যুক্তরাষ্ট্রকে এখনো বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।
এই অমীমাংসিত পরিস্থিতির কারণেই মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স










