spot_img

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে দুদকে অভিযোগ

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে এ অভিযোগ জমা দেন। একই সঙ্গে বিষয়টি অনুসন্ধানের জন্য দুদকের কাছে অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

অভিযোগে বলা হয়েছে, মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে এ জালিয়াতির ঘটনা ঘটে।

ব্যাংকটির অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে ওই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ভূমিকা রাখেন ব্যবসায়ী এস আলম।

এতে বলা হয়, তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই ঋণ অনুমোদন দেন এবং এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চারটি অডিট ফার্মের মাধ্যমে ঘটনার তদন্ত করে এসব অসঙ্গতি পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতেই দুদকে অভিযোগ দাখিল করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ