spot_img

বাস্তবিক অর্থেই আমেরিকা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মার্কিন আমেরিকা বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, এই এলাকার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, বিভিন্ন ধর্মের মানুষ এখানে একই সঙ্গে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি চর্চা করে আসছেন তারা। আজকের আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সম্প্রীতিরই নতুন করে প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, ‘আমরা জানি, মার্কিন সরকারের তুলনায় আমাদের দেশ অর্থনৈতিকভাবে একটি সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। এই অর্থনৈতিক সংগ্রাম থেকে যদি আমরা সমৃদ্ধশালী অর্থনীতির দিকে যেতে চাই, তাহলে আমাদের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।’

তথ্যমন্ত্রী বলেন, দেশের সব মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতির সম্পর্ক থাকা জরুরি। এটি কেবল সুখ-শান্তির বিষয় নয়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গেও জড়িত। অর্থনীতি সমৃদ্ধ করতে না পারলে নাগরিকদের অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী করা সম্ভব হবে না।

দেশের অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অনেক অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেন এবং সেখান থেকে বিপুল পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠান। ফলে গার্মেন্টস রপ্তানির প্রধান কেন্দ্রবিন্দু এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ।

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র সবার আগে। দেশটি বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে। এই বিনিয়োগও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে ভূমিকা রাখছে।

তিনি বলেন, ‘সেই বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র।’

ঘণ্টাব্যাপী চলা সংলাপে চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী ও ফাদার মাইকেল দেউরি প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ