নিয়োগ প্রক্রিয়ায় প্রশাসনিক সংস্কার, অতিরিক্ত জনবল নিয়োগ এবং বিতর্কিত ওয়ান টাইম রেজিস্ট্রেশন (ওটিআর) ব্যবস্থা বাতিলের দাবিতে ভারতের মিজোরাম রাজ্যের রাজধানী আইজলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও প্রভাবশালী ছাত্র সংগঠন মিজো জিরলাই পলের (এমপিজেড) সদস্যরা।
সোমবার (১০ আগস্ট) মিজোরাম পাবলিক সার্ভিস কমিশনের (এমপিএসসি) কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভকারীরা এমপিএসসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের কার্যালয়ে প্রবেশে বাধা দেন। কর্মকর্তারা কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কয়েকজন বিক্ষোভকারীর ধস্তাধস্তির ঘটনাও ঘটে। তবে সামগ্রিকভাবে কর্মসূচি শান্তিপূর্ণ ছিল।
এমপিজেডের অভিযোগ, সাম্প্রতিক বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় বারবার প্রশাসনিক দুর্বলতা ও ত্রুটি দেখা দেওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে কমিশনের প্রতি আস্থা কমেছে। বিশেষ করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর ব্যবস্থাকে ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি সংগঠনটির।
বিক্ষোভকারীরা এমপিএসসির কাঠামোগত সংস্কারের পাশাপাশি কমিশনের কার্যক্রম আরও দক্ষ ও বিশ্বাসযোগ্য করতে অতিরিক্ত জনবল নিয়োগের দাবি জানিয়েছেন।
একই সঙ্গে বর্তমান ওটিআর ব্যবস্থা বাতিল করে প্রয়োজন ও পদভিত্তিক পৃথক আবেদনপত্র চালুর দাবি জানিয়েছেন তারা।
এ ছাড়া ওটিআরে প্রয়োজনীয় নথি আপলোড অসম্পূর্ণ থাকায় যেসব প্রার্থীর আবেদন বাতিল হয়েছে, তাদের একবারের জন্য অফলাইনে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে এমপিজেড।
বিশেষ করে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নথি যাচাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে অযোগ্য ঘোষিত হয়েছেন, তাদের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শিক্ষার্থীদের দাবি, নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, কার্যকর ও প্রার্থীবান্ধব করতে এমপিএসসির প্রশাসনিক কাঠামো ও আবেদন পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি।
সূত্র: এনডিটিভি










