হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে অভিহিত করার ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আমেরিকা ‘জয়ী হচ্ছে’ বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ডালাসে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে যে যুদ্ধ এখন চলছে, আমরা এতে জয়ী হওয়ার সঙ্গে সঙ্গেই তেলের দাম কমতে শুরু করবে। আমরা জিতব।”
তিনি আরও বলেন, “আমরা বিজয়ী হতে যাচ্ছি। আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছি। আমার মনে হয়, হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলা উচিত। এর বিনিময়ে আমারও কিছু পাওয়া উচিত। ‘ট্রাম্প প্রণালি’।”
এরপর তিনি বলেন, “আমি ঘোষণা দিচ্ছি, আমরা একে ‘ট্রাম্প প্রণালি’ বলব। আর আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এ ব্যাপারে অত্যন্ত আনন্দিত হবে।”
ইরান বর্তমানে ‘ভেঙে পড়ছে’ বলেও দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, দেশটি গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে ‘দাদাগিরি’ করে আসছিল, তবে এখন আর আগের অবস্থানে নেই।
বক্তব্যে ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারিও দেন আমেরিকার প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, “আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না। বিষয়টি খুবই সোজা।”












